বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ - ১৯:২৭
ইরানকে সহায়তার আহ্বান: ইরাকে নুজাবা আন্দোলনের স্বেচ্ছাসেবক সংগ্রহ শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনের প্রেক্ষাপটে ইরাকের প্রভাবশালী প্রতিরোধ আন্দোলন “আন-নুজাবা” দেশজুড়ে স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। আন্দোলনের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান কিংবা শিয়া ধর্মীয় নেতৃত্বের ওপর যে কোনো আক্রমণের কঠোর ও অপ্রত্যাশিত জবাব দেওয়া হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরাকের “আন-নুজাবা” আন্দোলনের নির্বাহী পরিষদের প্রধান নাজেম আল-সাঈদী এক বিবৃতিতে জানান, ইরানকে সহায়তার লক্ষ্যে ইরাকের সব প্রদেশে স্বেচ্ছাসেবক সংগ্রহের আনুষ্ঠানিক আহ্বান শুরু হয়েছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ওয়াশিংটনের সঙ্গে স্বার্থের মিলের যে কোনো প্রচেষ্টা আসলে একটি পুরোনো প্রতারণা ছাড়া কিছু নয়।

নাজেম আল-সাঈদী বলেন, ওয়াশিংটনের সঙ্গে যে কোনো স্বার্থের মিল কেবল একটি পুনরাবৃত্ত প্রতারণা-যা ইতিহাসের কুখ্যাত ষড়যন্ত্রী আমর ইবনে আসের চালচাতুরীর মতোই।

তিনি আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, অহংকারী শত্রুপক্ষ যদি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায়, অথবা আমাদের ধর্মীয় মারজাদের ও আমাদের নেতা ইমাম আলী হুসাইনি খামেনেয়ীর বিরুদ্ধে সামান্যতম আঘাত হানে, তবে তার এমন জবাব দেওয়া হবে-যা শত্রু কল্পনাও করতে পারবে না।

এদিকে ইরাকের আরেকটি শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ ব্রিগেডও একই ধরনের অবস্থান নিয়েছে। সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি রবিবার সন্ধ্যায় এক ঘোষণায় জানান, ইরানকে রক্ষার লক্ষ্যে স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পরদিন সোমবার সকালে তিনি নিজেই একটি নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে নাম নিবন্ধন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে এবং ইরান-সমর্থিত প্রতিরোধ জোটগুলোর সক্রিয় প্রস্তুতির বার্তা স্পষ্টভাবে তুলে ধরছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha